রাজনৈতিক আধুনিকীকরণ কী? উন্নয়নশীল দেশে রাজনৈতিক আধুনিকীকরণের সমস্যাসমূহ
ভূমিকা:- রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচিত প্রত্যয়গুলোর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক আধুনিকীকরণ। রাজনৈতিক আধুনিকীকরণ এমন একটি বিষয় যার অন্যতম লক্ষ্য হলো আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কেননা রাজনীতি এখন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবর্তনশীল বিশ্বের মধ্যে বিশ্ব রাজনীতির সাথে মিল রেখে রাজনীতির আধুনিকীকরণ জরুরি।
রাজনৈতিক আধুনিকীকরণ
সাধারণভাবে রাজনৈতিক আধুনিকীকরণ হলো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে আধুনিক রাজনীতি প্রতিষ্ঠা। আধুনিকীকরণ বলতে বোঝায় জীবন সম্পর্কে যুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গি সামাজিক সম্পর্কের ব্যাপারে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সরকারি বিষয়াদির ক্ষেত্রে ন্যায়বোধ এবং রাজনৈতিক ক্ষেত্রে জাতিভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তনকেই রাজনৈতিক আধুনিকীকরণ বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা
রবার্ট ই ওয়ার্ড বলেন-“ রাজনৈতিক আধুনিকীকরণ হচ্ছে একটি আধুনিক রাজনৈতিক ব্যবস্থা পরিবেশের জন্য একটি আধুনিক সমাজের অস্তিত্ব প্রয়োজন।”
রবার্ট এ কার্ন বলেন- “রাজনৈতিক আধুনিকীকরণ এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর বিকাশ সাধন করাকে বোঝায় যেটার উপর আরোপিত দাবি সমূহকে মিটানোর ক্ষেত্রে যথেষ্ট নমনীয় ও শক্তিশালী।”
স্যামুয়েল পি হান্টিংটন বলেন-“ রাজনৈতিক আধুনিকীকরণ, যুুক্তিসংগত কর্তৃত্ব, রাজনৈতিক ক্রিয়াকলাপের পৃথকীকরণ এবং সামাজিক গোষ্ঠীর অধিক মাত্রায় রাজনীতিতে অংশগ্রহণকে নির্দেশ করে।”
পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক আধুনিকীকরণ হচ্চে বিশ্ব সংস্কৃতির প্রসারণের একটি দিক নির্দেশনা।
উন্নয়নশীলদেশে রাজনৈতিক আধুনিকীকরণের সমস্যাসমূহ
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্থিতিশীল রাজনীতি ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কেননা রাজনীতির ব্যবস্থা যত ভালো হবে দেশের উন্নয়ন তত বেশি হবে। আর তাই রাজনীতির অবস্থা ভালো রাখার জন্য প্রয়োজন রাজনীতির আধুনিকীকরণ। কিন্তু রাজনীতি আধুনিকীকরণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশে কিছু সমস্যা দেখা যায় তা নিম্নরুপ-
১। শিক্ষার অভাব
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম সমস্যা শিক্ষার অভাব। এ সকল দেশে শিক্ষা হার তুলনামূলক অনেক কম। যার কারণে রাজনীতি সম্পর্কে ধারণা কম। যার ফলে রাজনৈতিক আধুকীককরণ হচ্ছে না।
২। রাজনৈতিক অস্থিতিশীলতা
উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। সারা বছর কোন না কোন বিষয়কে ইস্যু করে রাজনীতির মাঠ উত্তপ্ত থাকে যার কারণে রাজনৈতিক আধুনিকীকরণ হচ্ছে না।
৩। রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ
উন্নয়নশীল দেশগুলোর রাজনীতি দুর্বল হওয়ায় সামরিক শাসনের কবলে মাঝে মাঝে পড়তে হয়। যার কারণে ঐ শাসনের বৈধতা থাকে এবং রাজনীতি ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। যার ফলে রাজনৈতিক উন্নয়ন সম্ভব হয় না।
৪। শৃঙ্খলার অভাব
উন্নয়নশীল দেশে শৃঙ্খলার অভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। রাজনৈতিক এ শৃঙ্খলহীনতা রাজনৈতিক আধুনিকীকরণের অন্যতম বাধা।
৫। সরকার ও জনগণের যোগাযোগ
উন্নয়নশীল দেশগুলোর সরকার এবং জনগণের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক দুরত্ব পরিলক্ষিত হয়। এরা এক অপরের উপর যেমন আস্থা অর্জন করতে পারে না তেমনি একে অপরের উপর নির্ভরশীল হতে পারে না। কারণ রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যায় সেটা রাখতে ব্যর্থ হয় ফলে জনগণ ও সরকারের মধ্যে সম্পর্কে দুরত্ব বৃদ্ধি পায়।
৬. ধর্মীয় ও জাতিগত সংঘাত
ধর্মীয় গোঁড়ামি এবং জাতিগত বিভেদ অনেক উন্নয়নশীল দেশকে আধুনিক হতে বাধা দেয়। আধুনিকীকরণ যেখানে যুক্তিনির্ভরতার কথা বলে, সেখানে ধর্মীয় উগ্রবাদ বা অন্ধবিশ্বাস সমাজকে পেছনের দিকে টেনে ধরে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ বা দাঙ্গা রাজনৈতিক সংহতি বিনষ্ট করে।
৭. বৈদেশিক প্রভাব ও পরনির্ভরশীলতা
উন্নয়নশীল দেশগুলো প্রায়ই উন্নত দেশগুলোর ওপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল থাকে। অনেক সময় শক্তিশালী দেশগুলো তাদের নিজস্ব স্বার্থে এসব দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, যা স্বাধীনভাবে রাজনৈতিক আধুনিকীকরণ প্রক্রিয়াকে ব্যাহত করে।
৮. দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বিস্ফোরণ
অতিরিক্ত জনসংখ্যা এবং অপরিকল্পিত নগরায়ন সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সীমিত সম্পদের কারণে সরকার জনগণের সব চাহিদা পূরণ করতে পারে না, ফলে জনমনে অসন্তোষ দেখা দেয় এবং রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
৯. প্রাতিষ্ঠানিক দুর্বলতা
আধুনিকীকরণের জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান (যেমন: নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংসদ)। কিন্তু অধিকাংশ উন্নয়নশীল দেশে এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল। প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি হওয়ার কারণে শাসনব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়।
১০. আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি
অনেক উন্নয়নশীল দেশে আমলারা রাজনৈতিক আধুনিকায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। দুর্নীতির মাধ্যমে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, যার ফলে প্রশাসনিক সংস্কার বাধাগ্রস্ত হয়। দুর্নীতি এমন একটি ব্যাধি যা আধুনিক রাষ্ট্রের ভিত্তিকেই নড়বড়ে করে দেয়।
উপসংহার: পরিশেষে বলা যায়, উন্নয়নশীল দেশের উন্নত রাজনীতি ব্যবস্থা মূলত সে দেশের উন্নয়নকে আরও বেগবান করবে। এজন্য যে সকল বাধা আছে তা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত।
