সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যসমূহ আলোচনা

ভূমিকা: সমাজ পরিবর্তনশীলতার মধ্য দিয়ে উন্নতি লাভকরে। পরিবর্তনশীলতার মধ্য দিয়ে প্রাচীন সমাজ আধুনিক সমাজে রূপলাভ করে। এই পরিবর্তন বিভিন্ন নিয়মে চলে, কখনো ধীরে, কখনো দ্রুত, কখনো রৈখিক, কখনো চক্রাকার ইত্যাদি। আবার বিভিন্ন সমাজে পরিবর্তনের উপাদান, বৈশিষ্ট্য, ফলাফলের ক্ষেত্রে পার্থক্য সূচিত হয়।

সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য আলোচনা

সামাজিক পরিবর্তন:

সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্তরকে বুঝায়। অন্যভাবে বলা যায়, একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্যরকম ধারণা করাকেই সামাজিক পরিবর্তন বলে। সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারায় প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ অর্থাৎ সমাজ কাঠামো, সামাজিক সংগঠন, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক কার্যপ্রক্রিয়া প্রভৃতির পরিবর্তন।

প্রামাণ্য সংজ্ঞা:

বিভিন্ন তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা তুলে ধরা হলো-

সমাজবিজ্ঞানী রবার্টসন (Robertson) বলেন, "সময়ের ব্যবধান, সামাজিক আচরণ, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং সর্বোপরি সমাজ কাঠামো ধরনের মধ্যে যে রদবদল বা পরিবর্তন ঘটে তার নামই সামাজিক পরিবর্তন।"

মরিস জিন্সবার্গ (M. Ginsburg)-এর মতে, "সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোতে অর্থাৎ কোনো সমাজের আয়তন-এর অংশসমূহের গঠনরীতি বা ভারসাম্য কিংবা সংগঠনের মধ্যে সাধিত কোনো পরিবর্তনকে বুঝায়।"

ডব্লিউ, এফ. অগবার্ন (W. F. Ogburn) সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, "সমাজে বসবাসকারী জনগণের কৃষ্টিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের নাম সামাজিক পরিবর্তন।

কিংসলে ডেভিস (Kingsly Davise) বলেন" সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তন।"

পরিশেষে বলা যায় যে, "সামাজিক পরিবর্তন হলো সমাজের গুরুত্বপূর্ণ উপাদানগুলো কর্তৃক পোষণ করা ধ্যানধারণা ও মূল্যবোধের ক্ষেত্রে সাধিত সংশোধন। অর্থাৎ, সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারায় প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ ও ধরনসমূহের পরিবর্তন।

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ

সমাজ পরিবর্তনের ধারা চিরন্তন। সমাজ সর্বদা পরিবর্তনশীল বিধায় মানবসমাজ আদিম বর্বর অবস্থা অতিক্রম করে আধুনিককালের সভ্য অবস্থায় উপনীত হয়েছে এবং অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সমাজ গতিশীল হওয়া সত্ত্বেও এ গতির রূপ বা প্রকৃতি সর্বদা এক রকম হয় না। প্রকৃতপক্ষে সামাজিক পরিবর্তনের গতির রূপ ও প্রকৃতি বিভিন্ন প্রকার হয়ে থাকে-

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য: নিম্নে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-

১. আকস্মিকতা:

সাধারণভাবে সামাজিক পরিবর্তনের গতি মন্থর হলেও কখনো কখনো এটি আবার অতি দ্রুতগতিতে আকস্মিকভাবে ঘটে থাকে।

২. নিরবচ্ছিন্নতা:

সমাজে প্রতিনিয়তই পরিবর্তন ঘটছে। কিন্তু এ পরিবর্তনের মধ্যে নিরবচ্ছিন্নতা বিরাজমান থাকে। নতুনভাবে প্রতিষ্ঠিত সমাজেও পুরাতন বৈশিষ্ট্য এবং ভাবধারা বিদ্যমান থাকে।

৩. অনিশ্চয়তা:

সামাজিক পরিবর্তনের গতি মূলত অনিশ্চিত। যদিও সমাজে সর্বদাই পরিবর্তন ঘটছে তথাপি ভবিষ্যতে সমাজের এ পরিবর্তন কী রূপ পরিগ্রহ করে তা নিশ্চিত করে বলা যায় না। কাজেই সামাজিক পরিবর্তনের ধারায় কিছুটা অনিশ্চয়তা বিদ্যমান থাকে।

৪. প্রগতির মানদণ্ড:

সামাজিক পরিবর্তন অগ্রগতির পরিচায়ক। সমাজ উন্নতি বা প্রগতির কোন স্তরে অবস্থান করছে তা পরিবর্তনের মাধ্যমে নির্ণয় করা যায়।

৫. স্থায়িত্ব:

স্থায়িত্ব সামাজিক পরিবর্তনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সাধারণত বিভিন্ন প্রকার পরিবর্তন সত্ত্বেও সমাজের একটা স্থায়িত্ব লক্ষ করা যায়। যার জন্য কোনো একটি সমাজকে আবার অপর সমাজ থেকে পার্থক্য করা যায়।

৬. সর্বজনীনতা:

মানবসমাজ সর্বদা গতিশীল। কোনো সমাজ সম্পূর্ণ স্থবির নয়। সমাজ পরিবর্তন হয়েছে বলে আদিম বর্বর যুগের সমাজ আজ সভ্য, সত্য ও সুন্দর সমাজে উন্নীত হয়েছে। স্বাভাবিকভাবে সমাজভেদে সামাজিক পরিবর্তনের জাতি ও মাত্রার তারতম্য পরিলক্ষিত হলেও সামাজিক পরিবর্তন একটি। সর্বজনীন বিষয়।

৭. ভবিষ্যদ্বাণী করা যায় না:

সাধারণত সামাজিক ধরনের এবং এ কারণগুলো এতোই ক্ষণস্থায়ী ও জটিল ধরনের যে এ সম্পর্কে সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করা যায় না। পরিবর্তন কমবেশি অনিশ্চিত, আর এ কারণে এ পরিবর্তন সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। সেসব কারণে সামাজিক পরিবর্তন ঘটে থাকে সেগুলো সংখ্যায় অনেক ও বিচিত্র ধরনের এবং এ কারণগুলো এতটাই ক্ষণস্থায়ী ও জটিল ধরনের যে এ সম্পর্কে সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করা যায় না।

৮. বৈচিত্র্যতা:

সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কর।হচ্ছে এর বৈচিত্র্যতা। সাধারণত সামাজিক পরিবর্তনের বিষয়টি খুবই বিচিত্র। এটি একেক সমাজে একেক রূপ পরিগ্রহ করে। অর্থাৎ, সামাজিক পরিবর্তন কোনো সমাজে কল্যাণ বয়ে আনছে আবার কোনো সমাজে আনছে অকল্যাণ।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, এ সমাজে প্রতিনিয়তই পরিবর্তন সাধিত হচ্ছে। এ পরিবর্তন বিভিন্ন নিয়মে সাধিত হয় এবং এর ফলাফলও সমাজভেদে ভিন্ন ভিন্ন। সামাজিক এ পরিবর্তিত পরিস্থিতিকে অনেকে স্বাগত জানায় আবার অনেকে সমর্থন জানাতে পারে না। সমাজের সামগ্রিক প্রয়োজনে সামাজিক পরিবর্তন সাধিত হয় এবং অব্যাহতভাবে চলতে থাকে।

নবীনতর পূর্বতন