বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও প্রভাব আলোচনা কর
বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ ও প্রভাব
ভূমিকা:- মানুষ জীবনের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুনভাবে বসবাস করলেই স্থানান্তর গমন হয়। মানব সমাজে এটি একটি অতি সাধারণ প্রবণতা। বিশেষ করে অনুন্নত সমাজ থেকে অপেক্ষাকৃত উন্নত জীবনের প্রত্যাশায় মানুষ স্থানান্তর গমনে উৎসাহিত হয়। যেহেতু বাংলাদেশের গ্রামের মানুষ অবহেলিত ও সুবিধা বঞ্চিত তাই এমন অবস্থা হতে পরিত্রাণ পেতে গড়ে ওঠে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের প্রবণতা।
বাংলাদেশের গ্রাম হতে শহরে স্থান্তরের কারণ
১। বেকারত্ব:
বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের অন্যতম কারণ বেকারত্ব। মানুষের তুলনায় যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় মানুষ শহরের দিকে কর্মসংস্থানের আশায় স্থানান্তরিত হয়ে থাকে।
২। ব্যবসা বাণিজ্য:
বাংলাদেশে গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ দরিদ্র। ফলে গ্রামের ধনী শ্রেণীর লোকজন বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যর জন্য শহরে স্থানান্তরিত হয়।
৩। দারিদ্র্য:
এদেশের গ্রাম এলাকায় অধিকাংশ মানুষ দরিদ্র তারা দুবেলা দুমুঠো অন্যের জোগাড় করতে পারে না। এসব দরিদ্র জনগোষ্ঠী উন্নতম জীবন ধারণের আশায় নগরে স্থানান্তরিত হয়
৪। ভূমিহীনতা:
বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনসংখ্যা যতই বাড়ছে ভূমি মানুষের সম্পর্কের অনুপাত ততই কমছে।ফলে ক্রমবর্ধমান হারে ভূমিহীনদের সংখ্যা বাড়ছে। তাই উপায় না পেয়ে তারা শহরের দিকে ধাবিত হয় ফলে শহরে স্থানান্তর বাড়ছে।
৫। নগরায়ন ও শিল্পায়ন
নগরায়ন ও শিল্পায়ন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থানান্তর। বিশেষ করে যা গ্রাম থেকে শহরে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ বেকার ও দরিদ্র জনগোষ্ঠী নতুন কর্মসংস্থানের আশায় তাই শহরে স্থানান্তরিত হয়।
৬। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা
বাংলাদেশ গ্রামীণ এলাকায় রাস্তাঘাট তথা যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা বেশ অনুন্নত। অপরদিকে শহর এলাকায় যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। ফলে শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রা প্রভৃতি নগরে অনেকটা সুবিধাজনক ও আরামদায়ক। এ কারণে মানুষ গ্রাম হতে শহরে উন্নত সুবিধা লাভের আশায় নগরমুখী হচ্ছে ফলে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে।
৭। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা
বাংলাদেশের গ্রাম এলাকায় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। অন্যদিকে শহর এলাকায় শিক্ষা ও চিকিৎসা সেবা অনেক উন্নত। যার কারণে গ্রামীণ লোকজন উন্নত শিক্ষা ও চিকিৎসা এবং বেকারত্ব দূর করতে শহরে স্থানান্তরিত হচ্ছে।
৮। প্রাকৃতিক দুর্যোগ
পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় না। তবে শহরের তুলনায় গ্রামে প্রাকৃতিক দুর্যোগের হার এবং পরিমাণ অনেক বেশি। বস্তুত বাংলাদেশের বন্যা, জলোচ্ছ্বাস, ভাঙ্গন, ঘূর্ণিঝড়, টর্নেডো, , খরাসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে যার জন্য মানুষ গ্রাম থেকে শহরে অভিগমন করে।
৯। সামাজিক নিরাপত্তার অভাব
সামাজিক নিরাপত্তার অভাব গ্রামীণ জীবনের একটি বড় সমস্যা। অনেক গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল, বিচার ব্যবস্থায় জটিলতা রয়েছে এবং নারী ও শিশুদের নিরাপত্তা অনেক ক্ষেত্রে নিশ্চিত নয়। বিশেষ করে নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, জমি সংক্রান্ত বিরোধ এবং সামাজিক অন্যায়ের কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। এসব সমস্যা থেকে মুক্তি এবং নিরাপদ জীবনযাপনের আশায় গ্রামীণ মানুষ শহরের দিকে ঝুঁকে পড়ে, যেখানে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা তুলনামূলকভাবে ভালো বলে তারা মনে করে।
১০। আধুনিক জীবনযাত্রার আকর্ষণ
আধুনিক জীবনযাত্রার আকর্ষণ গ্রাম থেকে শহরে স্থানান্তরের একটি শক্তিশালী কারণ। শহরে আধুনিক সুযোগ-সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, বিশুদ্ধ পানি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, বিনোদনের সুযোগ এবং আধুনিক জীবনধারা বিদ্যমান। টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচার মাধ্যমে শহরের জীবনযাত্রা গ্রামের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে তারা উন্নত ও আরামদায়ক জীবন লাভের আশায় শহরে বসবাস করতে আগ্রহী হয়।
১১। কৃষির অনিশ্চয়তা
কৃষির অনিশ্চয়তা গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা, নদীভাঙন ও লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি সার, বীজ, কীটনাশক ও শ্রমের খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষিকাজ লাভজনক থাকছে না। এর ফলে কৃষিজীবীরা জীবিকা নির্বাহে অনিশ্চয়তায় পড়ে বিকল্প আয়ের উৎস হিসেবে শহরের দিকে পাড়ি জমায়।
গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব বা ফলাফল
১। জনসংখ্যা কাঠামো পরিবর্তন
গ্রাম ছেড়ে যখন মানুষ শহরে স্থানান্তরিত হয় তখন জনসংখ্যা কাঠামোতে বিশাল পরিবর্তন দেখা দেয়। কারণ গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরে জনসংখ্যা বৃদ্ধি পায়, গড় বয়স, স্ত্রী-পুরুষ ভেদে জনসংখ্যার পরিমাণ প্রভৃতিতে পরিবর্তন দেখা দেয়। এমনকি বস্তির মত জন জীবনও দেখা যায়।
২। সমাজকাঠামোতে পরিবর্তন
গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে শহরে সমাজকাঠামোতে পরিবর্তন দেখা যায়।কারণ গ্রাম থেকে আসা মানুষ শহরে বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী বা পেশাজীবীদের সাথে যুক্ত হয় এবং এর ফলে ঐসব গোষ্ঠীতে সামাজিক সম্পর্ক প্রভৃতিতে পরিবর্তন আসে বা সম্পর্কের পরিধি বেড়ে যায়। ফলে সমাজ কাঠামোয় দেখা দেয় রদবদল।
৩। বস্তির সৃষ্টি
বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরের আবাসিক এলাকায় বসবাস চরম আকার ধারণ করে। সাধারণত গ্রাম থেকে যারা শহরে স্থানান্তরিত হয় তাদের অধিকাংশই দারিদ্র। যার কারণে তারা অধিক মূল্যর আবাসস্থলে থাকতে পারে না। এজন্য তারা নিম্নমান সম্পন্ন বাসস্থানে বসবাস করে এমনকি বস্তিতেও অনেকের বসবাস করতে হয়। এভাবে শহরে অসংখ্য বস্তির সৃষ্টি হয়।
৪। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন
গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে নগরবাসীর শিক্ষার হারে আসে পরিবর্তন। কারণ, দেশের নগরবাসীর তুলনায় গ্রামের মানুষ কম শিক্ষিত বা অশিক্ষিত। ফলে গ্রাম ছেড়ে শহরে আগতদের শিক্ষার নিম্ন হারের প্রভাব শহরবাসীর গড় শিক্ষা হারের উপর প্রভাব ফেলে। অন্যদিকে, শিক্ষিত লোকের আগমনের ফলে শিক্ষার হার বৃদ্ধি পায়।
৫। নিম্ন জীবনযাত্রার মান
গ্রাম হতে শহর বা নগরে স্থানান্তরের ফলে নগরের সীমিত সুযোগ-সুবিধা বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানি প্রকৃতির উপর চাপ পড়ে। এমনকি জাতীয় অর্থনীতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। ফলে শহর ভিত্তিক গড় জীবনযাত্রার মান নিম্নমানের হয়ে ওঠে।
৬। যোগাযোগ বৃদ্ধি
বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরের সাথে গ্রামের যোগাযোগ বৃদ্ধি পায়। শহরের স্থানান্তরিত হয়েছে এমন ব্যক্তিদের কাছে গ্রামের মানুষ আসা-যাওয়া করেন ও স্থানান্তরিত হয়ে গ্রামে বেড়াতে যান। ফলে সাধারণত শহরের সংস্কৃতির একটা প্রভাব গ্রামেও গিয়ে পড়ে এতে করে গ্রামের জীবন প্রণালীতেও আসে পরিবর্তন।
৭। নগর সমস্যার বৃদ্ধি
নগর সমস্যার বৃদ্ধি গ্রাম থেকে শহরে স্থানান্তরের একটি বড় নেতিবাচক প্রভাব। অতিরিক্ত জনসংখ্যার চাপে শহরে যানজট মারাত্মক আকার ধারণ করে। পাশাপাশি বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা বৃদ্ধি পায়। অপরিকল্পিত নগরায়নের ফলে অপরাধ প্রবণতা, স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা দেখা দেয়। শহরের সীমিত অবকাঠামো এই অতিরিক্ত চাপ বহন করতে না পেরে নানা সামাজিক সমস্যা সৃষ্টি করে।
৮। গ্রামীণ শ্রমশক্তির ঘাটতি
গ্রামীণ শ্রমশক্তির ঘাটতি একটি গুরুত্বপূর্ণ প্রভাব। গ্রাম থেকে কর্মক্ষম যুবসমাজ শহরে চলে যাওয়ায় কৃষিকাজ ও গ্রামীণ উৎপাদন ব্যবস্থায় শ্রমিক সংকট দেখা দেয়। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে জমি পতিত পড়ে থাকে বা উৎপাদন খরচ বেড়ে যায়।
৯। পারিবারিক ও সামাজিক বন্ধনের দুর্বলতা
পারিবারিক ও সামাজিক বন্ধনের দুর্বলতা লক্ষ্য করা যায়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে যৌথ পরিবার ভেঙে ছোট একক পরিবার গড়ে ওঠে। এতে পারিবারিক সহযোগিতা ও সামাজিক সংহতি কমে যায়। আত্মীয়তার সম্পর্ক শিথিল হয় এবং সামাজিক মূল্যবোধে পরিবর্তন আসে। বয়স্ক বাবা-মা অনেক সময় গ্রামে একা পড়ে যান, যা সামাজিক সমস্যার সৃষ্টি করে।
১০। গ্রামীণ সংস্কৃতির পরিবর্তন
গ্রামীণ সংস্কৃতির পরিবর্তন একটি উল্লেখযোগ্য প্রভাব। শহরে বসবাসকারী মানুষের মাধ্যমে শহুরে জীবনধারা, পোশাক, খাদ্যাভ্যাস ও চিন্তাধারা গ্রামে প্রবেশ করে। এর ফলে ঐতিহ্যবাহী গ্রামীণ রীতি, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যে পরিবর্তন আসে। একদিকে এটি আধুনিকতার ছোঁয়া আনলেও অন্যদিকে গ্রামীণ সংস্কৃতির স্বকীয়তা হ্রাস পায়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে মানুষ বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের স্থানান্তর লক্ষ্য করা যায় তবে এক্ষেত্রে গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার অনেক বেশি। নগরায়ন, শিল্পায়ন, দারিদ্র্য, বেকারত্ব, উন্নত জীবনযাত্রার আকাঙ্ক্ষা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে এদেশের মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়।

Comments
Post a Comment