পরিবার কী? what is Family? মানবজীবনে পরিবারের গুরুত্ব লিখ

পরিবার কাকে বলে। মানবজীবনে পরিবারের গুরুত্ব লিখ

ভূমিকা:- সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবার। সামাজিক জীব হিসেবে মানুষ জম্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারে বসবাস করে। পরিবারে অবস্থান করেই মানুষ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও নানাবিধ সম্পর্কে আবদ্ধ হয়। মানুষ নানাবিধ প্রয়োজন পূরণের মধ্য দিয়ে আদিমকাল থেকে পরিবার গঠন করে আসছে। আদিম যুগ হতে পরিবারই সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি শুধু রক্তের সম্পর্ক নয়, বরং ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য ও পারস্পরিক নির্ভরতার এক জীবন্ত বন্ধন।

পরিবার কী? পরিবারের বৈশিষ্ট্য

পরিবার সংজ্ঞা

পরিবার হলো সমাজের প্রাথমিক এবং ক্ষুদ্রতম সামাজিক প্রতিষ্ঠান। এটি সেই স্থান, যেখানে মানুষ জন্মগ্রহণ করে, বড় হয় এবং সামাজিক জীব হিসেবে গড়ে ওঠে। মানব সভ্যতার প্রথম পদক্ষেপ হলো পরিবার। সাধারণ অর্থে পরিবার বলতে বোঝায় এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যা সমাজস্বীকৃত যেখানে নারী-পুরুষ বিবাহের ভিত্তিতে একত্রে বসবাসের স্বীকৃতি পায় ও সন্তান উৎপাদন এবং লালন পালন করে থাকে।

শাব্দিক অর্থে পরিবার

পরিবারের ইংরেজি প্রতিশব্দ Family. রোমান শব্দ Famulus থেকেই ইংরেজি Family শব্দের উৎপত্তি হয়েছে যার বাংলা অর্থ পরিবার।

পরিবারের প্রামাণ্য সংজ্ঞা

পরিবারকে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো-

অধ্যাপক অর্গবান তাদের A Handbook of Sociology গ্রন্থে বলেন- “পরিবার হলো মোটামুটি একত্রে স্থায়ীভাবে বসবাসকারী স্বামী স্ত্রী যাদের সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে।”

নিমকফের মতে পরিবার হলো এমন একটি স্থায়ী সংঘ যেখানে স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে তাদের সন্তান সন্ততিসহ অথবা সন্তান সন্ততিবিহিন।

নৃবিজ্ঞানী লুইয়ের মতে- “পরিবার বলতে নারী পুরুষের দ্বারা পরিচালিত একটি স্থায়ী সম্পর্কের প্রতিষ্ঠিান কে বুঝায়।”

ম্যাকাইভারের মতে পরিবার হলো ক্ষুদ্র ও স্থায়ী সংঘ যার উদ্দেশ্য সন্তান-সন্ততির জম্মদান ও লালনপালন করা।

বিজ্ঞানী স্কটের মতে পরিবার হলো এমন একটি জ্ঞাতিভিত্তিক সামাজিক একক যা সীমিত অর্থে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান-সন্ততি নিয়ে বসবাস করে।

মানব জীবনে পরিবারের গুরুত্ব (Importance of Importance of Family in Human Life)

মানব সভ্যতার আদিমতম সংগঠন হলো পরিবার। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে, একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশে পরিবারের কোনো বিকল্প নেই। পরিবার সমাজ ও ব্যক্তি জীবনে বিশাল একটি গুরুত্বপূর্ণ অংশ। নিম্নে মানবজীবনে পরিবারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো-

১. অস্তিত্ব রক্ষা ও বংশগতি ধারা

মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাথমিক মাধ্যম হলো পরিবার। পরিবারই সমাজস্বীকৃত উপায়ে সন্তান জন্মদান এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। পরিবার না থাকলে মানব বংশধারা এবং সামাজিক কাঠামো বিলুপ্ত হয়ে যেত।

২. মৌলিক চাহিদা পূরণ

মানুষের প্রধান তিনটি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র ও বাসস্থান। শৈশব থেকে শুরু করে কর্মক্ষম হওয়া পর্যন্ত পরিবারই একজন মানুষের এই চাহিদাগুলো পূরণ করে। এমনকি অসুস্থতা বা বার্ধক্যে যখন মানুষ নিজে উপার্জন করতে পারে না, তখন পরিবারই তার ভরণপোষণের দায়িত্ব নেয় যা একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যয়।

৩. শিক্ষার প্রাথমিক ভিত্তি (প্রথম পাঠশালা)

একজন মানুষের জীবনের প্রথম এবং প্রধান শিক্ষাকেন্দ্র হলো তার পরিবার। শিশু জন্মের পর ভাষা শিক্ষা থেকে শুরু করে হাঁটা-চলা, কথা বলা এবং আদব-কায়দা পরিবার থেকেই শেখে। পরিবারিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ তার সারাজীবনের আচরণের ভিত্তি তৈরি করে।

৪. মানসিক ও আবেগীয় নিরাপত্তা

মানুষ সামাজিক জীব হওয়ার পাশাপাশি আবেগপ্রবণ। বাইরের জগতের চাপ, ব্যর্থতা বা একাকীত্ব থেকে মুক্তি পেতে পরিবারই একমাত্র নিঃস্বার্থ আশ্রয়স্থল। পরিবারের সদস্যদের ভালোবাসা, সহানুভূতি ও উৎসাহ একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং বিষণ্নতা থেকে দূরে রাখে যা মানবজীবনে খারাপ সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।

৫. চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ

সততা, পরোপকার, ধৈর্য এবং সহনশীলতার মতো নৈতিক গুণাবলি মানুষ তার পরিবার থেকেই অর্জন করে। পরিবারের বড়দের আদর্শ ও শাসন একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সমাজবিজ্ঞানীদের মতে, অপরাধমুক্ত সমাজ গঠনে সুশৃঙ্খল পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি।

৬. সামাজিক পরিচয় ও উত্তরাধিকার

পরিবারই একজন মানুষকে সমাজে একটি নির্দিষ্ট পরিচয় বা নাম প্রদান করে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, পদবি এবং সামাজিক মর্যাদা পরিবারের মাধ্যমেই নিশ্চিত হয়। এটি ব্যক্তিকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে।

৭. পারস্পরিক সহযোগিতা ও সংহতি

বিপদ-আপদে বা কঠিন সময়ে পরিবারের সদস্যরা যেভাবে একে অপরের পাশে দাঁড়ায়, তা অন্য কোথাও পাওয়া বিরল। এই পারস্পরিক সহযোগিতার মনোভাব মানুষকে স্বার্থপরতা ত্যাগ করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, পরিবার হচ্ছে সমাজের সেই আদিম ক্ষুদ্রতম এবং স্থায়ী প্রতিষ্ঠান যেখানে নারী পুরুষ বিবাহের ভিত্তিতে একত্রে বসবাসের স্বৃকৃতি পায় ও সন্তান উৎপাদন এবং লালন পালন করে থাকে। মানব সভ্যতার রুপকার হলো পরিবার। আদিম কিংবা আধুনিক যুগেও কোনো সভ্য মানুষকে পরিবারের বাইরে খুজে পাওয়া মুশকিল। সমাজ অত্যান্ত ব্যাপক একটি প্রত্যয় আর পরিবার ব্যতিত সমাজের অস্তিত্ত্ব কল্পনা করা যায় না। মানুষ সামাজিক জীব হিসেবে পরিবারে বসবাস করে থাকে। পরিবারে মানুষ একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে চলে। পরিবার শুধু একটি সামাজিক গঠন নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী। পরিবারই মানুষের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক এবং প্রথম আশ্রয়স্থল।

পরিবারের প্রকারভেদ সম্পর্কে জানতে ক্লিক করুন পরিবার শ্রেণীবিভাগ একক ও যৌথ পরিবারের পার্থক্য

Md Belal Hossain

আমি মোঃ বেলাল হোসাইন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স/স্নাতকোত্তর (M.S.S) ডিগ্রী অর্জন করেছি এবং Shikhaprotidin-এর প্রতিষ্ঠাতা। Shikhaprotidin একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে আমি সমাজবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে উপস্থাপন করি ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষামূলক দিকনির্দেশনা প্রদান করি।

নবীনতর পূর্বতন